Spread the love

কৃষকদের স্বাস্থ্যঝুঁকির উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের কারণ। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। কীটনাশকের অবশিষ্টাংশ খাদ্যে থেকে গেলে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কীটনাশক আমদানি, বাজারজাতকরণ ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।আজ রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিন উর রশিদ বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হলে কীটনাশকের যথাযথ নিয়ন্ত্রণ অপরিহার্য। এ দেশে এমন অনেক কীটনাশক আমদানি ও বাজারজাত করা হচ্ছে, যেগুলো বিশ্বের বহু দেশে ব্যবহার করা হয় না। কীটনাশক আমদানির ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও পরীক্ষাব্যবস্থা পর্যালোচনা করে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি । কৃষি মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন বাড়ানো নয়, উৎপাদিত খাদ্যকে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যের উৎপাদন ও বিপণনব্যবস্থার প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করতে হবে।

কীটনাশক আমদানি ও ব্যবহারের নীতিমালা পর্যালোচনায় সরকার এরই মধ্যে একাধিক কমিটি গঠন করেছে বলে উল্লেখ করে মন্ত্রী জানান সংশ্লিষ্ট বিজ্ঞানি, বিশেষজ্ঞ, আমদানিকারক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

কৃষিমন্ত্রী বলেন, অনেক কৃষক প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণের অভাবে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহারে সঠিক মাত্রা অনুসরণ করতে পারেন না। কৃষকদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নিরাপদ উৎপাদন পদ্ধতির সম্প্রসারণে সরকার কাজ করছে।