Spread the love

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৭ লাখ টন গম আমদানির পুরোটাই আসবে যুক্তরাষ্ট্র থেকে। সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির জন্য এতদিন অনুমোদিত ছিল একটি প্রতিষ্ঠান। এখন আরও একটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ায় দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে গম কেনার সুযোগ তৈরি হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত এক প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালিভাবে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। গৃহীত সিদ্ধান্ত অনুসারে, যুক্তরাষ্ট্র থেকে জিটুজি ভিত্তিতে গম আমদানির লক্ষ্যে ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এবং লুই ড্রেফাস কোম্পানি (এলডিসি) থেকে মূল্য প্রস্তাব নেওয়া হবে।

সরকারি ক্রয় আইন ও বিধিমালায় জিটুজি পদ্ধতিতে একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নেওয়া কিংবা সর্বনিম্ন দরদাতার সঙ্গে দর-কষাকষির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ নেই। এ কারণে দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতার সঙ্গে দর-কষাকষির জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের নথি তথ্য বলছে, সরকারিভাবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে ৮ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে জিটুজি পদ্ধতিতে ৭ লাখ টন গম আমদানির জন্য গত ২০ মে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন নেওয়া হয়।