Spread the love

চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণে কৃষক প্রতিনিধিদের মতামত না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তারা কৃষকদের উৎপাদন ব্যয় ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধান-চালের ন্যায্য ও যৌক্তিক ক্রয়মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, খাদ্যমন্ত্রী জানান- গত বছরের তুলনায় কেজিপ্রতি ১ টাকা বাড়িয়ে ধান কেনা হবে কিন্তু সিদ্ধ এবং আতপ চালের দাম কেজিপ্রতি ১ টাকা কমিয়ে কৃষকদের কাছ থেকে তা সরাসরি সংগ্রহ করা হবে। যদি প্রয়োজন হয় তবে এর চেয়েও বেশি ধান ও চাল সরকার কিনতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই দাম নির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে কৃষক প্রতিনিধিদের কোনো মতামত নেয়ার প্রয়োজনীয়তা তারা বোধ করেননি। তা ছাড়া একতরফা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তা নির্ধারণ করা কতখানি যৌক্তিক? কৃষককে বেশি দামে সার ক্রয় করতে হয়েছে, এ ছাড়া সারের সংকট তো রয়েছেই। ডিজেলের দাম বাড়ায় সেচের খরচও বেড়েছে।