Spread the love

বিশেষ প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচিতে চাল ও আটা বিক্রির লক্ষ্যমাত্রা এবং ভর্তুকি বরাদ্দ কমানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)। শহরের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত তথ্যের বরাত দিয়ে খানি জানায়, চলতি অর্থবছরে ওএমএসে চাল বিক্রির লক্ষ্যমাত্রা ২ লাখ ৪০ হাজার টন এবং আটা ৩ লাখ ৫০ হাজার টন নির্ধারণ করা হয়েছে। অথচ গত অর্থবছরে বিক্রি হয়েছিল ৩ লাখ ৪ হাজার টন চাল ও ৪ লাখ ৪৯ হাজার টন আটা। এর ফলে চালের সরবরাহ প্রায় ২১ শতাংশ এবং আটার সরবরাহ প্রায় ২২ শতাংশ কমছে, যা মোট ১ লাখ ৬৩ হাজার টনের মতো ঘাটতি তৈরি করবে। পাশাপাশি, ওএমএসের ভর্তুকি বরাদ্দ ৪ হাজার ৯৬ কোটি টাকা থেকে কমিয়ে ৩ লাখ ৪১১ কোটি টাকায় নামানো হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম।

সংগঠনটি উল্লেখ করে, ওএমএস মূলত শহরের নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা। তবে নগর সামাজিক সুরক্ষা সুবিধার আওতা এখনো বেশ সীমিত। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মূল জীবনযাত্রার ব্যয় মেটাতে শহরাঞ্চলের ৪০.১৯ শতাংশ পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। খোলাবাজারে যেখানে মোটা চালের কেজি ৫০–৫৫ টাকা, সেখানে ওএমএসে ৩০ টাকায় চাল পাওয়া যায়। ফলে বরাদ্দ কমলে নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য ও পুষ্টি বাজেটে মারাত্মক চাপ সৃষ্টি হবে এবং অতিরিক্ত চাল কেনায় সাধারণ মানুষের আনুমানিক ১২৮ থেকে ১৬০ কোটি টাকার বাড়তি আর্থিক বোঝা তৈরি হবে।

এ পরিস্থিতিতে খানি বাংলাদেশের পক্ষ থেকে সভাপতি ড. মোহাম্মদ জয়নুল আবেদিন, সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক  এবং সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ সরকারের কাছে চার দফা সুপারিশ পেশ করেছেন:

১. ওএমএসে চাল ও আটার লক্ষ্যমাত্রা এবং ভর্তুকি অন্তত গত অর্থবছরের সমপরিমাণে বহাল রাখা ও মূল্যস্ফীতি অনুযায়ী তা সমন্বয় করা।

২. বস্তি ও শ্রমিক-অধ্যুষিত এলাকাগুলোতে ওএমএস বিক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা।

৩. ডিলার পর্যায়ে স্বচ্ছতা, ডিজিটাল তদারকি ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার করা।

৪. অনানুষ্ঠানিক খাতের শ্রমিক ও জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের জন্য সুনির্দিষ্ট নগর সামাজিক সুরক্ষা কৌশল প্রণয়ন করা।

খানির নেতৃবৃন্দ বলেন, অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই কর্মসূচি সঙ্কুচিত না করে তা আরও বেগবান করার জন্য নীতিনির্ধারকদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।