Spread the love

চলছে রসের প্রস্তুতি। আগে ভাগে খেজুর গাছ কেটে পরিষ্কার না করলে রস পেতে দেরি হবে। তাই
খেজুর গাছের মাথায় উঠে দা ছেনি দিয়ে গাছ পরিষ্কার করছেন গাছি। গাছের বুক বুক চিরে রস নামানোর যে সূক্ষ্ণ কাজ, সেটি করছেন নিপুণ দক্ষতায়। এই চিত্র এখন সারাদেশের গ্রামে গ্রামে। দূর দুরান্ত থেকে গাছিরা যাচ্ছেন বিভন্ন অঞ্চলে।


সাধারণত আশ্বিন-কার্তিক থেকেই এই প্রস্তুতি শুরু হয়। পৌষ-মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পর্যন্ত চলে রস সংগ্রহের মৌসুম।
গাছিরা জানান, সময়মতো গাছ পরিষ্কার ও কাটা না হলে রস জমে না। রসের পরিমাণ ও মান অনেকটাই নির্ভর করে গাছের পরিচর্যা ও দক্ষতার ওপর।

তবে, এই কাজে ঝুঁকিও অনেক। মাঝেমধ্যে অনেকে পড়ে আঘাতও পান। তারপরও বছরের এই সময়টায় তারা জীবিকার তাগিদে দিনরাত খেটে যান। একটি গাছ থেকে পুরো সিজনে দৈনিক গড়ে ৮-১০ কেজি রস পাওয়া যায়। সেই রস থেকে গুড়, পাটালি তৈরি হয়।


শীতের আগমন মানেই টাটকা খেজুর রসের ঘ্রাণ। ভোরবেলা হাঁড়ি হাতে গাছিদের পাতিল নামাতে দেখার দৃশ্যটা যেন গ্রামের চিরচেনা আনন্দ। খেজুরের রস ও গুড় শুধু শীতের খাবার নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও স্মৃতির অংশ।