Spread the love

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরের মিটাছড়ি ছড়া এলাকায় বন বিভাগের একটি সরকারি নার্সারিতে বিষ প্রয়োগ করে প্রায় ১০ হাজার চারা গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উৎপাদিত এসব চারা মাঠপর্যায়ে রোপণের জন্য প্রস্তুত ছিল।মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বন বিভাগ জানায়, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মিটাছড়ি ছড়া এলাকায় নার্সারিটি স্থাপন করা হয়। সেখানে দেশীয় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা উৎপাদন করা হচ্ছিল। গভীর রাতের অজ্ঞাতনামা দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে নার্সারিতে প্রবেশ করে গাছের জন্য মারাত্মক ক্ষতিকারক বিষাক্ত কেমিক্যাল বা বিষ প্রয়োগ করে।
নষ্ট হওয়া চারাগুলোর মধ্যে বহেরা, গামার, শিমুল, আমলকি, কড়ই ও কাঠবাদামসহ বিভিন্ন দেশীয় প্রজাতির গাছ রয়েছে। প্রতিটি চারার উচ্চতা ছিল প্রায় দুই থেকে তিন ফুট এবং সেগুলো রোপণের উপযোগী হয়ে উঠেছিল।

হুমায়ুন কবির বলেন, রাতের আঁধারে অতিমাত্রায় বিষ প্রয়োগের কারণে বন বিভাগের প্রায় ১০ হাজার চারা গাছ নষ্ট হয়েছে। সরকারি সম্পদ ধ্বংসের এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

দৈনিক সমকালের সৌজন্যে