
সাতক্ষীরার সুস্বাদু আম কবে থেকে বাজারে আসবে, তা নিয়ে জেলা প্রশাসন একটি নির্দিষ্ট সময়সূচি বা ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ করেছে। এবছর মে মাসের ৫ তারিখ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বোম্বাই ও বৈশাখীসহ স্থানীয় সব জাতের আম সংগ্রহ শুরু হবে। ১৫ মে থেকে শুরু হবে জনপ্রিয় হিমসাগর ও খিরশা আম সংগ্রহ। ল্যাংড়া আম বাজারে আসবে ২৭ মে তারিখে। আর আম্রপালি সংগ্রহ শুরু হবে ৫ জুন।
চাষিদের অনুরোধে এবার ল্যাংড়া ও আম্রপালি আম সংগ্রহের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। কৃষি বিভাগের মতে, ওই সময়ের মধ্যে আমগুলো পেকে যাবে। কোনোভাবেই যেন অপরিপক্ক বা কাঁচা আম বাজারে না আসে, সেদিকে জেলা প্রশাসনের কড়া নজরদারি থাকবে।
জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের উপস্থিতিতে কৃষি কর্মকর্তা ও আম চাষি নেতাদের সঙ্গে আলোচনার পর এই তারিখগুলো নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য সাতক্ষীরার আম সবচেয়ে আগে পরিণত হয়, সে হিসাবে মে মাসের প্রথম থেকেই দেশে পরিণত আম পাওয়া যাবে।





