পলিথিন, পুরোনো টায়ার, পুরোনো রাবার, জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ করা হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় । এতে করে পরিবেশ দূষণের মাত্রা বেড়েছে। বাণিজ্যিকভাবে ধান সেদ্ধ করার এই কাজ চলছে উপজেলার বিভিন্ন চালকল ও চাতালে।
ব্যস্ত সড়কের পাশে ও আবাসিক এলাকায় অবস্থিত এসব চাল কল ও ধান শুকানোর চাতালে রয়েছে বড় বড় চুলা ও বয়লার। সচরাচর তুষগুঁড়া ব্যবহার করে সেখানে ধান শুকানো ও সেদ্ধ করা হয়। সম্প্রতি এসব প্রাকৃতিক উপাদানের পরিবর্তে ধান সেদ্ধ করার কাজে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা জানান এতে পরিবেশ দূষণ হচ্ছে মারাত্মক ভাবে।
এদিকে টায়ার পোড়ানো ছাই উড়ে আশপাশের গাছগাছালি ও বাড়িঘরের টিনের চালায়, এমনকি ঘরের আসবাব, বিছানা ও পোশাকে আস্তরণ পড়ে যায়। প্রতিনিয়ত এই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, মিল চাতালের মালিকদের এসব বিষয়ে বললেও তারা তাদের কথার কোনো গুরুত্ব দেন না।
এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত বলে এলাকাবাসী মনে করেন।



