
দিনাজপুর জেলা হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে, যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার কারণে দিনাজপুরের সড়ক ও মহাসড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত ও কুয়াশার তীব্রতায় বোরো বীজতলা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন।

গত কয়েকদিনে দিনাজপুরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। কিন্তু হঠাৎ হিম বাতাস ও কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীরাও তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে।
বিরল উপজেলায় কয়েকদিন ধরে রোদ উঠেছিল এবং তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। কিন্তু আবার হঠাৎ ঘন কুয়াশা পড়েছে। এতে বোরো ধান ও আলুর বীজতলা নিয়ে চাষিরা চিন্তিত। যদি কুয়াশা অব্যাহত থাকে, তবে বীজতলা ও আলু ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। অনেকের বোরো চারা প্রস্তুত হলেও শীত ও শ্রমিক সংকটের কারণে বীজ রোপণ করা সম্ভব হচ্ছে না।





