
দীর্ঘ তিন মাস ১৫ দিন বন্ধ থাকার পর আবারো রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে মৎস্য আহরণ, সরবরাহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। সোমবার (১০ জুলাই ) মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করায় রাঙ্গামাটির বিএফডিসি’র ল্যান্ডিং ঘাটে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ দিতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে লেকে মাছ ধরা বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছেন হাজারো জেলে।

জাল-নৌকা নিয়ে কাপ্তাই লেকে জেলেরা, দীর্ঘ অপেক্ষার পর ফিরেছে জীবিকার গতি। এতে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে লেকপাড়ে, স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতেও। তবে কাঙ্খিত মাছ পাওয়ার ওপরই নির্ভর করছে তাদের এই স্বস্তি কতটা স্থায়ী হবে। নিষেধাজ্ঞার দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যস্ত হয়ে উঠেছে কাপ্তাই লেক। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে লেকের বিভিন্ন এলাকায় ছুটছেন জেলেরা। কারও হাতে জাল, কারও নৌকায় মাছ ধরার সরঞ্জাম-আবারও জীবিকার সন্ধানে লেকের বুকে ছুটছেন তারা।
দীর্ঘ সময় মাছ শিকার বন্ধ থাকায় আয়-রোজগার নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ছিলেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার সুযোগ পাওয়ায় তাদের চোখে-মুখে এখন স্বস্তির ছাপ। তবে মাছের উৎপাদন ও প্রজনন ধরে রাখতে নিয়ম মেনে মাছ আহরণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। মৎস্য আহরণ শুরু হওয়ায় খুলে দেয়া হয়েছে জেলার সকল বরফ কল। আজ মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির ৪ টি ল্যান্ডিং ঘাটে মাছ আসতে শুরু করেছে।
রাঙ্গামাটির কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণসহ কাপ্তাই লেকের প্রাকৃতিক পরিবেশকে মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে মাছ শিকার নিষিদ্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ১৫ দিন পর সোমবার মধ্যরাত থেকে আবারো মাছ শিকার উন্মুক্ত করে দেয়া হয়। গতকাল সোমবার মধ্যরাত থেকে প্রশাসন থেকে মাছ শিকারের নিষিদ্ধের আদেশ তুলে নেয়ায় জেলেরা আবারো মাছ শিকার শুরু করে।
রাঙ্গামাটির মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর সাংবাদিকদের জানান, দীর্ঘ ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে আবারো মাছ আহরণ শুরু হওয়ায় আমরা মৎস্য ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ীসহ সকলে অত্যন্ত খুশি। এবার মাছের সাইজ একটু ছোট দেখা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই বুঝা যাবে কি রকম মাছ ধরা পড়ছে, মাছের সাইজ বড় হলে লাভের আশা করছেন তিনি।
রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম গনমাধ্যমকে বলেন, কাপ্তাই লেকে তিন মাস মাছ শিকার বন্ধের পর মাছ আহরণ শুরু হওয়ায় রাঙ্গামাটির বিএফডিসি’র ল্যন্ডিং ঘাটে প্রথম দিনে প্রচুর পরিমাণ মাছ এসেছে এবং এবার সাইজ একটু ছোট হলেও আগামী কিছু দিনের মধ্যে মাছের আকার বড় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সুত্র> বাসস




