
নীল অপরাজিতার রূপে গুণে মুগ্ধ হননি এমন মানুষ মেলা ভার। শুধু কি ফুলের রূপ! এর চায়ের রঙে মজেছেন অনেকেই। গরম পানিতে অপরাজিতা ফুল দিলে পানি মুহূর্তেই গাঢ় নীল রঙ ধারণ করে। যা চা প্রেমীদের কাছে অত্যন্ত চমৎকার এক অভিজ্ঞতা। তবে এর মূল আকর্ষণ এর ক্যাফেইনমুক্ত এবং স্বাস্থ্যকর গুণাবলী।

অপরাজিতা ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্থোসায়ানিন থাকে, যা ত্বক ও চুলের সুরক্ষার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর গবেষকদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, প্রি-ডায়াবেটিক বা ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অপরাজিতা চা চমৎকার কাজ করতে পারে। এছাড়া এতে কোনো ক্যাফেইন না থাকায় বিশ্বজুড়ে স্বাস্থ্যসচেতন মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই ভেষজ পানীয়।

নিতান্ত অযত্নে বাড়ির বেড়ার ধারে শৌখিনতার বশে বেড়ে ওঠা সাধারণ নীল অপরাজিতা ফুল যে বিশ্ব বদলে পারে তা কে জানত! যেমন বুঝতে পারেননি পিশ্চমবঙ্গের নারিরা। এখন এটি লতা বা শোভাবর্ধক উদ্ভিদ নয়; এটি প্রান্তিক কৃষক, উদ্যোক্তা এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী হাতিয়ার। আসামের আনথাইগ্লাও থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জনপদ এবং আমাদের দেশের নাটোর জেলার মাটি পর্যন্ত সবখানেই এখন এই ‘বাটারফ্লাই পি’ বা অপরাজিতা ফুলের বাণিজ্যিক চাষ । বিশ্বজুড়ে ভেষজ নীল চা এবং প্রাকৃতিক খাদ্য রঙের আকাশচুম্বী চাহিদার হাত ধরে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে অপরাজিতা ফুলের প্রধান উৎপাদক হলেও, বৈশ্বিক বাজারে প্রাকৃতিক উপাদানের ব্যাপক চাহিদার কারণে ভারতের উদ্যোক্তারাও এতে বড় ধরনের বিপ্লব ঘটিয়েছেন। আসামের আনথাইগ্লাও গ্রামের প্রান্তিক নারীরা প্রথমবার শুকনো ফুল বিক্রি করে যখন আর্থিকভাবে লাভবান হন, তখন থেকেই গ্রামীণ জনপদে আশার আলো জ্বলে ওঠে। পরবর্তীতে সোলার ড্রায়ার বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুল শুকিয়ে এর মান রক্ষা করা সম্ভব হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ২০২১ সালে অপরাজিতা ফুলকে খাদ্য উপাদান বা ‘ফুড অ্যাডিটিভ’ হিসেবে অনুমোদন দেওয়ার পর এর আন্তর্জাতিক বাজার আরও প্রসারিত হয়। ইউরোপ ও আমেরিকায় কৃত্রিম রঙের ওপর কড়াকড়ির কারণে প্রাকৃতিক নীল রঙের উৎস হিসেবে এই ফুলের কদর দিন দিন বাড়ছে। ভারতের ‘ব্লু টি’ ব্র্যান্ডের মতো উদ্যোগগুলো আজ হাজার হাজার কৃষকের সাথে চুক্তিভিত্তিক চাষাবাদ পরিচালনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক প্রশিক্ষণ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারলে এটি আন্তর্জাতিক বাজারে কৃষকদের অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হতে পারে।

আমাদের দেশের উত্তরাঞ্চলের জেলা নাটোর ও এর আশেপাশের এলাকায় এখন বাণিজ্যিকভাবে অপরাজিতা চাষের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। কম জমিতে কম খরচে ও স্বল্প পরিশ্রমে অপরাজিতা চাষ করা সম্ভব। এর লতানো গাছগুলো অতিরিক্ত সার বা জটিল পরিচর্যা ছাড়াই দ্রুত বাড়ে। নাটোরের আবহাওয়া ও মাটি অপরাজিতা চাষের জন্য অত্যন্ত উপযোগী। স্থানীয় উদ্যান ও কৃষিজমিতে উৎপাদিত এই ফুল সংগ্রহ করে তা রোদে বা আধুনিক পদ্ধতিতে শুকিয়ে প্যাকেটজাত করার মাধ্যমে ঢাকাসহ দেশের বড় বড় শহরে এর বাজার তৈরি হচ্ছে। বিশেষ করে প্রিমিয়াম টি শপ, অর্গানিক ফুড শপ এবং ক্যাফেগুলোতে ব্লু টি-এর চাহিদা বাড়ায় নাটোরের কৃষকরা এর ভালো দাম পাচ্ছেন।
অপরাজিতা চাষের সবচেয়ে বড় সামাজিক প্রভাবটি দৃশ্যমান হয় নারীদের অর্থনৈতিক অংশগ্রহণে। ফুল তোলার কাজটি অত্যন্ত সুক্ষ্ম ও ধৈর্যের ব্যাপার। গ্রামের নারীদের নরম হাতের ছোঁয়ায় গাছের কোনো ক্ষতি না করে নিখুঁতভাবে ফুল সংগ্রহ করা সম্ভব হয়। নাটোরসহ বিভিন্ন অঞ্চলে নারীরা বাড়ির আঙিনায় এই লতা চাষ করে কিংবা ফুল তুলে শুকানোর প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে নিজেদের হাতখরচ মেটানোর পাশাপাশি পরিবারে সচ্ছলতা আনছেন।অনেকে আবার ক্ষুদ্র ঋণ বা নিজেদের সঞ্চয় দিয়ে ছোট আকারের সোলার ড্রায়ার বা প্যাকেজিং মেশিন বসিয়ে স্বাবলম্বী উদ্যোক্তা হয়ে উঠছেন। এটি গ্রামীণ অর্থনীতিতে নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দেশের কৃষিবিদ ও অর্থনীতিবিদরা মনে করছেন, বিশ্ববাজারে অর্গানিক বা ক্যাফেইনমুক্ত চায়ের যে বিশাল বাজার তৈরি হয়েছে, তা ধরতে পারলে বাংলাদেশের কৃষিখাত অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হতে পারে।

তবে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিক তাপমাত্রায় ফুল শুকানো এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের ওপর নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। নাটোরসহ দেশের অন্যান্য অঞ্চলে উৎপাদিত অপরাজিতা ফুলকে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডিংয়ের আওতায় আনতে হবে। সমবায়ভিত্তিক বা চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থা করলে কৃষকরা ন্যায্যমূল্য নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে অপরাজিতা চাষে বিশেষ প্রণোদনা এবং এর ঔষধি গুণ নিয়ে আরও উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টি করা দরকার। প্রাকৃতিক ফুড কালার এবং ভেষজ চা রপ্তানির ক্ষেত্রে নীতিগত সহায়তা ও সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করলে এই খাতটি দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী উপখাতে পরিণত হতে পারে।
নীল অপরাজিতা এক অপার সম্ভাবনার নাম।
শাঁওলী সুমন




