Spread the love

চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করতে পারবেন। আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্যবৃদ্ধির চাপ কমাতে এই সুবিধা দেয়ার কথা জানিয়েছেন  কেন্দ্রীয় ব্যাংক ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, ‘প্রতি বছর রমজানে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানির সুযোগ দেয়া হয়েছে।’ ‘রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা চায় না কেন্দ্রীয় ব্যাংক। চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে পণ্যের দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেয়া হয়েছে।’ ব্যবসায়ীরা পর্যাপ্ত পণ্য আমদানি করতে পারলে বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধির চাপ কমানো সম্ভব হবে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে সবশেষ দেয়া সুবিধার কারনে রমজানের আগেই প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির সুযোগ বাড়বে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে গতকাল বুধবার (১১ নভেম্বর)  এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ করতে হবে না। আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ থাকবে।