
দেখার বস্তু থেকে গবেষণার বিষয়ে পরিণত হলো “ ডোনাল্ড ট্রাম্প “ । না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নয় মহিষ ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় চিড়িয়াখানা থেকে নেয়া হয়েছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে। গবেষণার জন্য রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আনা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত সেই মহিষটিকে। অ্যালবিনো জাতের মহিষটিকে বর্তমানে নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জানা গেছে গত রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিএলআরআইয়ের কর্মকর্তারা গনমাধ্যমকে জানিয়েছে বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব জানান, “মহিষটি যেহেতু চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত একে কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে মহিষটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবা হবে।”
উল্লেখ করা যায় যে কোরবানির ঈদের সময় মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রাখেন। পরে মহিষটি নিয়ে দেশে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মহিষ ট্রাম্পের নানা ঘটনা ।
পরে মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে বিক্রি করেছিলেন। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে আনেন মনিরুজ্জামান। ঈদের আগের দিন বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।





