Spread the love

পাবনার চাটমোহর উপজেলায় সার বিতরণ ঘিরে ভয়াবহ হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় গুদাম ভেঙে লুট করা হয় ৬১১ বস্তা সার। স্থানীয়রা বলছেন সার বিতরণে দেরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়। তবে পুরো বিষয়টিকেই পরিকল্পিত মনে করছে কৃষি বিভাগ।

পাবনার চাটমোহরের ছাইকোলা ইউনিয়নে সারের ডিলার হাবিবুর রহমান হবু, রহমত উল্লাহ ও প্রবীর কুমার পাল। গতকাল ( ৯ নভেম্বর) সোমবার সকালে তারা কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। স্থানীয়রা জানান, এক পর্যায়ে হাবিবুর ও রহমত সার দেয়া বন্ধ করে দেন। এরপর শুরু হয় হট্টগোল। একপর্যায়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং উত্তেজিত জনতা প্রবীর কুমার পালের বিক্রয় কেন্দ্রে হামলা চালায়। ভাঙচুর করে লুট করা হয় ৬শ ১১ বস্তা সার।

সার লুটের ঘটনা পরিকল্পিত মনে করছে কৃষি বিভাগ। প্রকৃত ঘটনা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি কৃষকদের সার ফেরত দেয়ার আহ্বান জানানো হয়েছে।