Spread the love

পটুয়াখালীর দুমকি উপজেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও টানা কয়েক দিনের প্রবল বর্ষণে কৃষি খাতে বিপর্যয় নেমে এসেছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির তোড়ে তলিয়ে গেছে শত শত একর জমির রবি ফসল, যার ফলে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

গত ২৮ এপ্রিল দুমকিতে প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হানে। এর পরবর্তী দুই দিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার শ্রীরামপুর, আঙ্গারিয়া, মুরাদিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার নিচু জমিগুলো পানিতে ডুবে যায়। বিশেষ করে মুগ ডাল চাষিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন; অধিকাংশ জমির ফসল এখন পানির নিচে। মুগ ডাল ছাড়াও মরিচ, আলু, চীনাবাদামসহ বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ফসল পচে যাওয়ার উপক্রম হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

 শ্রীরামপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম মর্তুজা ও আমির হোসেন জানান, তারা ধার-দেনা করে চলতি মৌসুমে মুগ ডাল চাষ করেছিলেন। ফলন ভালো হলেও আকস্মিক এই দুর্যোগে তাদের স্বপ্ন ফিকে হয়ে আসছে। দ্রুত পানি না সরলে ফসলের আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। অনেক কৃষক বুক সমান পানিতে নেমে আধা-পাকা ফসল রক্ষার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারিভাবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

জলবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে কৃষকদের লোকসানের বোঝা আরও ভারী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।